September 13, 2026, 6:28 pm

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের সঙ্গে সম্পর্ক নতুন ভিত্তিতে নিতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে গত ১৫ বছরের ধারাবাহিকতা থেকে বের করে নতুন ভিত্তিতে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে সরাসরি দ্বিপক্ষীয় যোগাযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরটি হলে তা কোনো বহুপক্ষীয় সফরের অংশ না হয়ে দ্বিপক্ষীয় সফর হওয়াই প্রত্যাশিত। দুই দেশের সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নিতে সরাসরি যোগাযোগের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

ভারতের সঙ্গে বাংলাদেশের করা ১০১টি চুক্তি পুনর্নিরীক্ষণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে চুক্তিগুলো যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি চিফ হুইপের আওতাধীন হওয়ায় এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছ থেকেই পাওয়া যাবে।

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর কর্মসূচি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। রোহিঙ্গা সংকট নিয়েও একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে দ্বিপক্ষীয় স্বার্থ ও প্রয়োজনের ভিত্তিতে। সাইডলাইনে সব দেশের নেতার সঙ্গে বৈঠক করা সম্ভব নয়। তবে সফরকালে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার সুযোগ থাকবে এবং অনেক আমন্ত্রণও রয়েছে।

তিনি বলেন, ‘ভারত কেবল আরেকটি প্রতিবেশী দেশ, যার সঙ্গে আমরা ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক চাই।’ একই সঙ্গে ভারতের প্রতি অতিরিক্ত মনোযোগ না দিয়ে নিজেদের দেশের স্বার্থ ও প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি।

সায়মা ওয়াজেদের নিয়োগ নিয়ে প্রশ্ন

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে আগামী জানুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সম্প্রতি এ পদ থেকে সায়মা ওয়াজেদ হোসেনের পদত্যাগের পর বাংলাদেশ নতুন কোনো প্রার্থী দেবে কি না, জানতে চাইলে তার নিয়োগ নিয়ে সমালোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, ওই পদে সায়মা ওয়াজেদের নিয়োগ ছিল দুঃখজনক ও বিতর্কিত। তার দাবি, গুরুত্বপূর্ণ ওই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা তার ছিল না এবং রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কাজে লাগিয়ে তাকে ওই পদে বসানো হয়েছিল।

তিনি আরও বলেন, ওই নিয়োগের ক্ষেত্রে তথ্য গোপন, জালিয়াতি ও প্রভাব খাটানোর অভিযোগের তদন্ত হওয়া অস্বাভাবিক নয়।

আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক বা পারিবারিক প্রভাবের ভিত্তিতে নিয়োগের সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কেবল রাজনৈতিক বা প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ার কারণে কাউকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে বসানো উচিত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নেতৃত্বে থাকা প্রয়োজন।

তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর নিয়োগপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও কঠোর হওয়া দরকার। বিতর্ক ও দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবর্তে যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা উচিত।

ভবিষ্যতে বাংলাদেশ যোগ্য প্রার্থীদের সমর্থন করবে জানিয়ে হুমায়ুন কবির বলেন, ভালো ট্র্যাক রেকর্ড ও প্রয়োজনীয় যোগ্যতা থাকা প্রার্থীদের বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে মালদ্বীপের সম্ভাব্য প্রার্থীদের কথাও তিনি উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা