September 12, 2026, 9:44 am

হুথিদের ওপর হামলা চালিয়েছে ইয়েমেন।

হুথিদের অবস্থানে ইয়েমেনি সরকারি বাহিনীর ড্রোন হামলা

ইয়েমেনের আল-ধালে প্রদেশে হুথি গোষ্ঠীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সুনির্দিষ্ট ড্রোন হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। শনিবার (১২ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনস শিল্ড ফোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে, আল-ধালে এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে এসব ড্রোন হামলা পরিচালনা করা হয়। হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে বাহিনীটি। এতে হুথি সদস্যদের একটি সমাবেশে বিমান হামলার দৃশ্য দেখা যায়। তবে হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ তীব্র হয়েছে। এতে দেশটির বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণের চিত্রেও পরিবর্তন দেখা দিয়েছে।

পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে অগ্রসর হয়ে মোখা উপকূলীয় শহর ও লোহিত সাগরের একটি বন্দর দখলের পর পুরো আল-হুদায়দাহ প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে হুথিরা। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মানদেব প্রণালির কাছাকাছি অবস্থান তৈরি হয়েছে গোষ্ঠীটির।

অন্যদিকে, সৌদি আরবের সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় আল-জাউফ প্রদেশে অগ্রগতি অর্জন করেছে সরকারি বাহিনী। তারা প্রাদেশিক রাজধানী আল-হাজমের কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। একই সঙ্গে মারিব, আল-বায়দা ও আল-ধালে প্রদেশের বিভিন্ন ফ্রন্টেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকা দখল করার পর দেশটিতে দীর্ঘস্থায়ী সংকটের সূত্রপাত হয়। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট সামরিক হস্তক্ষেপ করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা