সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রসিকিউটর জোহা বলেন, ট্রাইব্যুনালের জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জানিয়েছেন, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ একটি বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন। এর দুই দিন পর ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে হামলার ঘটনা ঘটে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলার সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সরাসরি গুলি করেন কর্নেল মতিউর রহমান। এ বিষয়ে আরও তথ্য ও ঘটনার বিস্তারিত জানতে মোজাফফর হোসেনকে সোমবার (১৪ সেপ্টেম্বর) আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর জোহা।
প্রায় সাড়ে চার দশক আগে, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের অতর্কিত হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ সময় পর এই হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য সামনে আসায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
জিয়া হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত মোজাফফর হোসেনকে গত ১৫ জুলাই রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে চলতি বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলাতেও তিনি গ্রেপ্তার রয়েছেন।
গত ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এরপর থেকে জিয়া হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।