September 14, 2026, 6:58 am

সংগৃহীত ছবি

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, অপসারণের দাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি অবিলম্বে সংগ্রহশালা থেকে ছবিটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে মুহাম্মদ আলী জিন্নাহ ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বলে ঘোষণা দেন। তার ওই বক্তব্যের বিরুদ্ধে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ করেন। ছাত্রদলের দাবি, পরবর্তী সময়ে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের যে ধারাবাহিক আন্দোলন গড়ে ওঠে, তার পেছনে ওই প্রতিবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

ছাত্রদল মনে করে, বাংলার স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা আন্দোলন ও স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক। সংগঠনটি এটিকে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি অবমাননা হিসেবেও উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে ডাকসুর বর্তমান নেতৃত্বের সমালোচনা করে আরও বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, অধিকার আদায় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান পরিষদ ব্যর্থ হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থের পরিবর্তে পরিষদকে দলীয় ও আদর্শিক এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের উদ্যোগ এবং ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের বিষয়টি তুলে ধরে সংগঠনটি দাবি করে, এসব কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বাংলা ভাষার বিরোধিতাকারী মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ডাকসু সংগ্রহশালা থেকে দ্রুত অপসারণ করতে হবে। একই সঙ্গে ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, মধুর ক্যান্টিনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনা, স্মারক ও চেতনাকে বিকৃত করার যেকোনো উদ্যোগ প্রতিহত করা হবে।

ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেন ছাত্রদলের দুই শীর্ষ নেতা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা