September 9, 2026, 4:46 am

৩০ সেপ্টেম্বরের মধ্যে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ শেষ করতে হবে শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষ করে অনলাইন থেকে সনদ ডাউনলোড করতে হবে।

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেক শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করতে হবে। মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে পিডিএস পরিচিতি ব্যবহার করে নিবন্ধন বা লগইন করে কোর্সে অংশ নিতে হবে।

প্রশিক্ষণ কোর্সে মোট ছয়টি পাঠ রয়েছে। এর মধ্যে ষষ্ঠ পাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্যক্রম শেষে নির্ধারিত মাধ্যমে এর ছবি বা ভিডিও জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ছয়টি পাঠ ও শ্রেণি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষকরা অনলাইন থেকে সনদ সংগ্রহ করতে পারবেন। সনদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।

মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ করা সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা