September 9, 2026, 4:45 am

পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার উদ্যোগ ১২ দেশের

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে ১২টি দেশ। একই সঙ্গে ইউরোপীয় পর্যায়ে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তাতে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশগুলো। তালিকায় যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো দেশও রয়েছে।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, আন্তর্জাতিক আইন অনুসরণ করে তারা নিজ নিজ দেশে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেবেন। পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে বসতি থেকে পণ্য আমদানি বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হলে সেটিকেও সমর্থন করা হবে।

বিবৃতিতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল সরকারের বিভিন্ন কর্মকাণ্ড দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও দুর্বল করে দিচ্ছে। এ পরিস্থিতিতে বসতি সম্প্রসারণ বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।

নিষেধাজ্ঞার উদ্যোগ নেওয়া বা সমর্থনের ঘোষণা দেওয়া দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স ছাড়াও রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেন।

এর আগে মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পার্লামেন্টে জানান, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য। একই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা ও ফ্রান্সও।

মিলিব্যান্ড জানান, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল ও সুইডেনও এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে। পাশাপাশি অবৈধ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে আরও বিস্তৃত নিষেধাজ্ঞা কাঠামো চালুর কথাও জানান তিনি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু অবৈধ বসতি সম্প্রসারণ ও এর ফলে সৃষ্ট দুর্ভোগের নিন্দা জানানো যথেষ্ট নয়। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাজ্যকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নষ্ট হওয়ার বিষয়েও দেশটি নীরব দর্শক হয়ে থাকবে না।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল দীর্ঘদিন ধরে বসতি সম্প্রসারণ করে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে। তবে ইসরায়েল এই অবস্থানের সঙ্গে একমত নয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা