September 14, 2026, 6:29 pm

ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন আটতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় প্রাণভয়ে সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে অজ্ঞাতপরিচয় এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন আটতলা ভবনের ওপরের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর ছড়িয়ে পড়ার পর অনেক রোগী ও স্বজন দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় অপ্রশস্ত সিঁড়ি দিয়ে একসঙ্গে অনেকে নিচে নামতে গেলে শুরু হয় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি। একপর্যায়ে কয়েকজন সিঁড়িতে পড়ে গেলে তাদের ওপর অন্যরা পড়ে যান। এতে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। নিহত শিশুটির বয়স ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ময়মনসিংহের পাঁচটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে এলে অতিরিক্ত ইউনিটগুলো ফিরিয়ে নেওয়া হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে চারটি ইউনিট ঘটনাস্থলে রাখা হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নতুন ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা মেশিনের সঙ্গে সংযুক্ত বোর্ডে অতিরিক্ত উত্তাপ ও বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, আগুনের তীব্রতা খুব বেশি ছিল না। তবে কন্ট্রোল রুম থেকে প্রচুর ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ায় রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে হাসপাতালের চিকিৎসা ওয়ার্ডগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক সংযোগে কোনো অভ্যন্তরীণ ত্রুটি ছিল কি না এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা