September 16, 2026, 9:10 am

নাহিদ ইসলাম

দুদকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, সংস্কারের দাবি নাহিদ ইসলামের

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে ছড়ানো গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারিত্ব, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সাত মাস আগে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজব ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যকে হুবহু অভিযোগ হিসেবে গ্রহণের মাধ্যমে দুদকের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তার দাবি, এর মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের শীর্ষ নেতাদের চরিত্রহনন ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য দুদককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে দুদককে ব্যবহার করে বিএনপির তৎকালীন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিরোধী রাজনৈতিক নেতাদের হয়রানির যে অভিযোগ ছিল, বর্তমান ঘটনাকে তারই পুনরাবৃত্তি হিসেবে দেখা যাচ্ছে। এ কারণে জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি দুদকেরও আমূল সংস্কারের দাবি উঠেছিল বলে উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার বিষয়ে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে ঐকমত্যে পৌঁছেছিল। তবে সনদে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে একজন বিতর্কিত ব্যক্তিকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে সরকার সেই সংস্কারের প্রতিশ্রুতি উপেক্ষা করেছে।

তিনি বলেন, জুলাই সনদের আলোকে দুদক পুনর্গঠন না করে এ ধরনের নিয়োগের উদ্দেশ্য এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। তার অভিযোগ, দুদককে দলীয়করণের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে হয়রানি ও দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের পুরোনো পথেই প্রতিষ্ঠানটিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়ায় একটি স্বাধীন ও নিরপেক্ষ দুদক পুনর্গঠন করা হলে যেকোনো অভিযোগের মুখোমুখি হতে এবং সুষ্ঠু তদন্তে এনসিপি পূর্ণ সহযোগিতা করবে। তবে অসাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত ও দলীয়করণের শিকার কোনো কমিশনকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

তিনি অবিলম্বে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বন্ধ এবং জুলাই সনদের স্পিরিট ও ঘোষিত সংস্কার প্রক্রিয়া অনুসরণ করে একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের দাবি জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা