November 14, 2026, 5:01 pm

নিকলীতে বিয়ের খাবার খেয়ে নবদম্পতিসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে নবদম্পতিসহ ৬০ জনের বেশি অতিথি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কিরণ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিরণ মিয়া। তিনি ওই গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। পেশায় পল্লিচিকিৎসক ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের এবং পরে বিকেলে বরপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার পরপরই অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের অতিথিদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

পরে তাঁদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে কিশোরগঞ্জ ও ভাগলপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। অনেকে নিজ বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন।

বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, অনুষ্ঠানে খাবার খেয়ে দুই পক্ষের অনেক অতিথি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্বামী শেখ স্বাধীন এবং তিনিও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সিংপুর গ্রামের সেলিম মিয়া বলেন, তাঁর ধারণা, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ঠিকমতো রান্না করা হয়নি। ওই খাবার খেয়ে তিনি ও তাঁর পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।

একই গ্রামের রুবেল মিয়া বলেন, খাবার খেয়ে অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই একে একে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। যাঁদের অবস্থা বেশি খারাপ, তাঁদের ভাগলপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর ধারণা, অসুস্থ মানুষের সংখ্যা ৬০ ছাড়িয়েছে।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরমা দাস জানান, বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সময়ের সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে। এ ছাড়া অনেকে অন্য হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন বলে তাঁরা জানতে পেরেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। যাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংকট থাকায় রোগীদের হাসপাতালের মেঝেতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা