November 14, 2026, 4:13 pm

মনিরামপুরের গ্রামীণ সড়ক উন্নয়নে ১০ কোটি টাকা বরাদ্দ

যশোরের মনিরামপুর উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ পাওয়া গেছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকের (এমপি) উদ্যোগ ও ডিও (ডেমি অফিসিয়াল) লেটারের পরিপ্রেক্ষিতে এ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। এ অর্থে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও জনপদের গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক নির্মাণ ও উন্নয়ন করা হবে।
প্রচারিত বরাদ্দের তালিকায় মনিরামপুরের বিভিন্ন এলাকার সড়কের নাম, নির্মাণের স্থান এবং পৃথক বরাদ্দের পরিমাণ উল্লেখ রয়েছে। এসব সড়ক ইউনিব্লক ও অন্যান্য টেকসই নির্মাণপদ্ধতিতে উন্নয়নের পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও সংস্কারের অপেক্ষায় থাকা গ্রামীণ সড়কগুলো উন্নয়নের আওতায় আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
প্রকল্প তালিকায় গাঙ্গুলিয়া পাঞ্জেগানা মসজিদ থেকে গাঙ্গুলিয়া বাজার অভিমুখী সড়কের জন্য ২৭ লাখ ৫০ হাজার টাকা, ঘুমুরাইন চাতাল মোড় থেকে মহিলা মাদ্রাসা হয়ে মরহুম আবুল বারির বাড়ি অভিমুখী সড়কের জন্য ১ কোটি ১০ লাখ টাকা, এড়েন্দা থেকে লেবুগাতি মিস্ত্রিপাড়া অভিমুখী সড়কের জন্য ৩৮ লাখ ৫০ হাজার টাকা এবং গালদা হানিফ মোড় থেকে দক্ষিণে মফিজের বাড়ি অভিমুখী সড়কের জন্য ১৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দের উল্লেখ রয়েছে।
এ ছাড়া কাঁটাখালি আমজাদ মেম্বারের বাড়ি থেকে কাঁটাখালি পশ্চিমপাড়া জামে মসজিদ অভিমুখী সড়কের জন্য ১৩ লাখ ৫০ হাজার টাকা, হরিদাসকাটি চান্দুয়া রফিকুলের বাড়ি থেকে সোহরাব হুজুরের বাড়ি অভিমুখী রাস্তার জন্য ১০ লাখ ৫০ হাজার টাকা, ঝাঁপা মিস্ত্রিপাড়া মোড় থেকে মান্দারতলা ঘাট হয়ে দাখিল মাদ্রাসা অভিমুখী সড়কের জন্য পৃথক বরাদ্দ এবং রাজগঞ্জ-মনোহরপুর ব্রিজসংলগ্ন মোড় থেকে মাধ্যমিক বিদ্যালয় অভিমুখী সড়কের জন্য ১৯ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের তথ্য রয়েছে।
তালিকায় বাটবিলা পশ্চিমপাড়া আফজাল খাঁর বাড়ি থেকে ইবারত মিস্ত্রির বাড়ি অভিমুখী সড়ক, চালকিডাঙ্গা বাজারের মনিরুলের বাড়ি থেকে আফসার উদ্দিনের বাড়ি অভিমুখী রাস্তা, দেলুয়াবাড়ি বিসি রোড থেকে মান্নানের বাড়ি হয়ে আফসার উদ্দিনের বাড়ি অভিমুখী সড়ক, কুলটিয়া শাহাবুদ্দিন মাস্টারের মোড় থেকে সাতগাতী অভিমুখী রাস্তা এবং নেহালপুর ৩ নম্বর ওয়ার্ডের তাজউদ্দিন গাজীর বাড়ি থেকে পরিতোষ মিস্ত্রির বাড়ি অভিমুখী সড়কও রয়েছে।
অন্যদিকে খানপুর দক্ষিণ ভরতপুর মসজিদ মোড় থেকে মরহুম আবুলজারের বাড়ি অভিমুখী রাস্তা, পারখাজুরা বটতলা ঈদগাহ থেকে নেওয়ার মাঠ অভিমুখী সড়ক, চালুয়াহাটি রতনদিয়া বড় মসজিদের পাশ দিয়ে মাদ্রাসা অভিমুখী রাস্তা, গোপালপুর পশ্চিমপাড়া মোড় থেকে ফেদাইপুর মসজিদ অভিমুখী সড়ক এবং কুলটিয়া পাড়িয়ালি আজিজ মোড় থেকে পাড়িয়ালি প্রাথমিক বিদ্যালয় অভিমুখী রাস্তার উন্নয়নও তালিকায় স্থান পেয়েছে।
এ ছাড়া কপালিয়া বাজার হাসপাতালের পেছন থেকে রাজবংশীপাড়া অভিমুখী রাস্তা, চাকুরিয়া মেইন রাস্তা থেকে পড়ো বটতলা হয়ে ভোমরদহ নিরঞ্জন বাগচীর বাড়ি অভিমুখী সড়ক এবং চালুয়াহাটি রতনেশ্বরপুরের মুসার মোড় থেকে ব্যাংকার সাত্তার সাঁতারের বাড়ি অভিমুখী সড়কসহ বিভিন্ন এলাকার আরও কয়েকটি রাস্তা উন্নয়নের তালিকায় রয়েছে।
মনিরামপুরের গ্রামীণ সড়কগুলোর অনেক স্থানে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদাপানি, জলাবদ্ধতা ও ভাঙাচোরা রাস্তার কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী এবং রোগীদের যাতায়াতে ভোগান্তি বাড়ে। এসব সড়ক উন্নত হলে প্রত্যন্ত এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণেও ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয়দের প্রত্যাশা, সড়ক উন্নয়নের ক্ষেত্রে আধুনিক নির্মাণসামগ্রী ও টেকসই প্রযুক্তি ব্যবহার করা হলে দীর্ঘদিন এসব রাস্তা ব্যবহার করা সম্ভব হবে। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যাতায়াতের সুযোগ বাড়বে এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বরাদ্দের অর্থে নির্ধারিত সড়কগুলোর উন্নয়নকাজ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করে দরপত্র আহ্বান করা হবে। এরপর ঠিকাদার নিয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে মাঠপর্যায়ে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
মনিরামপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার এ বিশেষ বরাদ্দকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তবে তাঁদের প্রত্যাশা, বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান বজায় রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়িত হলে মনিরামপুরের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

জেমস আব্দুর রহিম রানা, যশোর:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা