November 14, 2026, 4:21 pm

যশোরে ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি পূর্বপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই রকি মণ্ডল, এসআই বাবলা দাস ও এসআই কামরুজ্জামানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শেখহাটি পূর্বপাড়া গ্রামের কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের বাউন্ডারিবেষ্টিত দোতলা বাড়ি ও সংলগ্ন টিনশেড বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির সঙ্গে সংযুক্ত একচালা টিনশেড রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি ও এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া ঘটনাস্থল থেকে রিদিশা সুগারি টোস্ট বিস্কুটের একটি খালি প্যাকেট, সবুজ রঙের একটি পলিথিনের প্যাকেট এবং ছোট চেক শার্টের কাপড়ের একটি টুকরা উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের বয়স ৪২ বছর। তিনি ওই গ্রামের কাজী আলমগীর হোসেন ওরফে আলম ও শিরিনা আক্তারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দ করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেমস আব্দুর রহিম রানা, যশোর :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা