November 14, 2026, 4:54 pm

শেষ মুহূর্তের ভুলে স্বপ্নভঙ্গ, সাফ ফাইনালে পাকিস্তান

৮৪ মিনিট পর্যন্ত দারুণ লড়াই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি হামজা চৌধুরীর দল। উল্টো ৮৫ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। ১-০ গোলের জয়ে ইতিহাসে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পাকিস্তান।

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই পাকিস্তানের আক্রমণে চাপে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে সুযোগ পান শুকি ইতোফুসা। আর চোটের কারণে সাদ উদ্দিন ছিটকে পড়ায় তার জায়গায় খেলেন রহমত মিয়া।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। দ্বিতীয় মিনিটেই আলী উজায়েরের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

সাত মিনিটে পাল্টা আক্রমণে যায় বাংলাদেশ। কাজেম শাহর নেওয়া দুর্বল শট সহজেই নিয়ন্ত্রণে নেন পাকিস্তানের গোলরক্ষক। ১৬ মিনিটে রাকিব হোসেনের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করে পাকিস্তান।

২৩ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে শমিত সোমের হেড পেয়ে বাম পায়ের শটে গোলের চেষ্টা করেন রাকিব। তবে গোলরক্ষকের হাতে লেগে বল পোস্টের নিচে বাধা পায়। পরে বিপদমুক্ত করেন জুনায়েদ আহমেদ।

৩২ মিনিটে বড় বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। জটলার মধ্যে তারিক কাজী আবদুল সামাদ আজাদকে মার্কিং করতে ব্যর্থ হলে সুযোগ তৈরি হয় পাকিস্তানের। সামাদের শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল ক্লিয়ার করেন জিদান ইউসুফ।

৪১ মিনিটে আবারও গোলের কাছাকাছি পৌঁছে বাংলাদেশ। শুকি ইতোফুসার জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। একাধিক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। পাকিস্তানের রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করলেও গোলের দেখা মিলছিল না। ৬১ মিনিটে ফারহান চেষ্টা করেন। পরের মিনিটে শুকি ইতোফুসার পরিবর্তে মাঠে নামেন মোহাম্মদ ইব্রাহিম।

৭৬ মিনিটে রহমত মিয়ার বদলি হিসেবে খেলতে নামেন বিশ্বনাথ ঘোষ। এর আগে হামজা চৌধুরীর ফাউলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় পাকিস্তান। আদিল নবীর নেওয়া সেই শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন শ্রাবণ। কিছুক্ষণ পর হারিস আলীর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

৮২ মিনিটে আবদুল সামাদের জোরালো শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। তবে তিন মিনিট পরই ঘটে ম্যাচের ভাগ্য নির্ধারণী ভুল।

প্রতিপক্ষের শট তালুবন্দী করার পর লম্বা থ্রো করতে যান শ্রাবণ। কিন্তু তার থ্রো গিয়ে পড়ে পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। সেখান থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন আবদুল সামাদ শেহজাদ। জিদান ও জায়ানের মাঝ দিয়ে দৃষ্টিনন্দন শটে বল জালে পাঠান তিনি। ঝাঁপিয়েও গোল ঠেকাতে পারেননি শ্রাবণ।

গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। যোগ করা সময়ে জামাল ভূঁইয়া, ফাহামিদুল ও ফয়সাল আহমেদ ফাহিমকে মাঠে নামান কোচ। এর আগে মাঠে ফ্লেয়ার উড়লে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলেও শেষ পর্যন্ত সমতাসূচক গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাতাহাতির উপক্রম হলেও পরিস্থিতি বেশিদূর গড়ায়নি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন শেষ হয়। অন্যদিকে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ইতিহাস গড়ে পাকিস্তান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা