November 14, 2026, 5:29 pm

বাণিজ্যিক আদালত আইন সংস্কারের উদ্যোগ, সংসদে উঠতে পারে জানুয়ারিতে

বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিদ্যমান বাণিজ্যিক আদালত আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। আইনটি আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত আইনটি উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাণিজ্যিক আদালত আইন সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় তিনি এ তথ্য জানান।

প্রস্তাবিত বাণিজ্যিক আদালতের সংখ্যা ও অবস্থান সম্পর্কে আইনমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে এসব আদালত প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ঢাকায় তিনটি এবং চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সীমিত পরিসরে আদালত চালুর মাধ্যমে এ ক্ষেত্রে বিশেষায়িত দক্ষতা ও অভিজ্ঞতা গড়ে তুলতে চায় সরকার।

মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর আইনি ব্যবস্থা প্রয়োজন। প্রস্তাবিত আইনকে আরও যুগোপযোগী করতে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও সুনির্দিষ্ট সুপারিশ নেওয়া হচ্ছে।

বিনিয়োগ অনুমোদনের প্রক্রিয়ার জটিলতা তুলে ধরে তিনি বলেন, আগে একটি বিনিয়োগের অনুমতি পেতে বিদেশি বিনিয়োগকারীদের ২০ থেকে ২৫টি জায়গায় যেতে হতো। এতে অন্তত ছয় মাস সময় লাগত। বর্তমান সরকার এ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে। সমন্বিত ব্যবস্থার মাধ্যমে অল্প কয়েক দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে দেশে বিনিয়োগের পর অর্থ বা মুনাফা ফেরত নেওয়ার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের নানা সমস্যার মুখে পড়তে হয় বলে জানান আইনমন্ত্রী। স্থানীয় অংশীদারদের সঙ্গে বিরোধ, শ্রমিকদের করা ফৌজদারি মামলা এবং ভ্যাটসংক্রান্ত জটিলতা বিনিয়োগের পথে বড় বাধা। এসব সমস্যা বিবেচনায় নিয়ে তিনি বলেন, বিদ্যমান বাণিজ্যিক আদালত আইন দিয়ে বিনিয়োগকারীদের সব ধরনের বিরোধ ও সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়।

আইনটির সীমাবদ্ধতা প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, তার বিবেচনায় বিদ্যমান আইনটি যথেষ্ট মানসম্মত হয়নি। এতে প্রচলিত আইনের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি সালিশ আইনও এমনভাবে যুক্ত করা হয়েছে, যাতে মূল সালিশি ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব দুর্বলতা চিহ্নিত করে আইনটি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।

বিদেশি বিনিয়োগকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিও নতুন আইন প্রণয়নের সময় বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি।

অংশীজনদের আগামী ১০ দিনের মধ্যে সুনির্দিষ্ট সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, সভায় মৌখিক মতামতের পাশাপাশি লিখিত সুপারিশও আইন মন্ত্রণালয়ে পাঠানো যাবে। এসব সুপারিশ পর্যালোচনা করে পরবর্তী পরামর্শ সভার আগেই আইনের খসড়া আরও পরিমার্জন করা হবে।

তিনি বলেন, প্রস্তাবিত আইনটি যতটা সম্ভব কার্যকর, আধুনিক ও বিনিয়োগবান্ধব করা সরকারের লক্ষ্য। অংশীজনদের অভিজ্ঞতা ও মতামত বিবেচনায় নিয়ে আইনটি চূড়ান্ত করে আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের যৌথ আয়োজনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রধান ড. মিখাল ক্রেইজা, বাংলাদেশে কানাডীয় হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর ও রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির প্রধান মার্কাস ডেভিস এবং নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা