September 15, 2026, 7:45 am

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ মেডিক্যালে লিফটে আগুন: মৃত্যুর গুজব তদন্তে ৫ সদস্যের কমিটি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ছয়জন নিহত হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করে। হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে কমিটির প্রধান করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দীন খান, ফায়ার সার্ভিসের একজন সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের একজন প্রকৌশলী।

তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন একটি লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এক শিশুসহ ছয়জন পদদলিত হয়ে মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হলে রাতে ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং পরে রুদ্ধদ্বার বৈঠক করেন।

তবে অগ্নিকাণ্ডের পর চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তাদের কেউ পদদলিত হয়ে মারা গেছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন। এর মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে তাদের পরিবার নিশ্চিত করেছে। বাকি দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণসহ ছয়জনের মৃত্যুর খবরের সত্যতা যাচাই করতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা