September 15, 2026, 7:44 am

প্রতীকী ছবি

প্রবাসীদের ভাষা শিক্ষায় ১ হাজার কোটি টাকার তহবিল, ঋণ মিলবে ১০ লাখ টাকা

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে রেমিট্যান্স পাঠানোদের বড় একটি অংশ এখনো অদক্ষ শ্রমিক। তাদের দক্ষতা বাড়িয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে আরও ভালো সুযোগ তৈরি করতে এবার ভাষা শিক্ষায় অর্থায়নের উদ্যোগ নিয়েছে সরকার।

বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন অপ্রচলিত শ্রমবাজারে কর্মসংস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা গুরুত্বপূর্ণ। এ কারণে বিদেশে যাওয়ার আগে কিংবা চাকরিদাতা দেশে গিয়ে ভাষা শেখার খরচ মেটাতে প্রবাসীদের ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংককে এক হাজার কোটি টাকার তহবিল দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে একজন প্রবাসী সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করেছে। চুক্তির আওতায় এক হাজার কোটি টাকার তহবিল দেওয়া হবে। ওই অর্থ দিয়ে যেসব দেশে বাংলাদেশি কর্মীরা যাবেন, সেসব দেশের প্রাথমিক ভাষা শেখার জন্য অর্থায়ন করা হবে।

তবে ভাষা শিক্ষার নামে এত বড় অঙ্কের ঋণ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও অভিবাসন খাতের বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভাষা শেখার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের সুযোগ অপব্যবহারের ঝুঁকি তৈরি করতে পারে।

সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস শেকিল চৌধুরী বলেন, ভাষা শিক্ষার জন্য ১০ লাখ টাকা কেন প্রয়োজন হবে, সেটি বিবেচনা করা দরকার। বিদেশ যাওয়ার পুরো প্রক্রিয়াতেই যেখানে এত টাকা খরচ হওয়ার কথা নয়, সেখানে ভাষা শিক্ষার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকার ঋণ নির্ধারণ করা হলে অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।

তবে ঋণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কঠোর শর্ত রাখা হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম বলেন, কোনো জামানত ছাড়াই জাপানে যেতে ইচ্ছুক কর্মীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। তবে এই অর্থ সরাসরি ঋণগ্রহীতার হাতে দেওয়া হবে না। জাপানে যে শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি ভাষা শিখবেন, সেখানে সরাসরি টিউশন ফি পরিশোধ করা হবে।

ভাষা শিক্ষা ছাড়াও অভিবাসন খাতের উন্নয়নে নির্ধারিত নিয়ম মেনে এই তহবিলের অর্থ ব্যবহার করতে পারবে প্রবাসী কল্যাণ ব্যাংক।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা