September 16, 2026, 7:15 pm

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে চীনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা এবং বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে চলতি সপ্তাহে চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির শুনানিতে বেসেন্ট জানান, ইরান যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে না পারে, সে বিষয়ে চীনের সঙ্গে এরই মধ্যে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। আসন্ন বৈঠকে এ বিষয়ে আরও আলোচনা করা হবে।

বেসেন্ট বলেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তিনটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। চীনের সঙ্গে আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়টি আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।

এদিকে আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের কথা রয়েছে। সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এর আগেই বেসেন্ট ও হি লিফেংয়ের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, দুই দেশের অর্থনৈতিক বিষয়গুলোর পাশাপাশি বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও আলোচনা হতে পারে। তবে বৈঠকের বিস্তারিত আলোচ্যসূচি সম্পর্কে বেসেন্ট কোনো তথ্য দেননি।

এর আগে ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণার কথা জানিয়েছিলেন বেসেন্ট। তেহরানকে অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

চীন ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার। দেশটি ইরানের বিপুল পরিমাণ তেল আমদানি করে থাকে। পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও তেহরানের গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে চীনকে বিবেচনা করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা