বরগুনায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর আদালতকক্ষে বিচারকের উদ্দেশে অশালীন মন্তব্য এবং দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বশির নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর আমলি আদালতে একটি সিআর মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে। বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান তাৎক্ষণিকভাবে এ সাজা দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ফরাজি জানান, আসামি বশির অস্থায়ী জামিনে ছিলেন। বুধবার মামলার শুনানিতে তার জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে ক্ষুব্ধ হয়ে বশির এজলাসে উত্তেজিত আচরণ শুরু করেন এবং বিচারকের উদ্দেশে অশালীন মন্তব্য করেন।
এ সময় উপস্থিত আইনজীবীরা তাকে শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। একপর্যায়ে বশিরকে হ্যান্ডকাফ পরানোর চেষ্টা করা হলে তিনি দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল সিদ্দিকের ওপর হামলা চালান। বিচারকের উপস্থিতিতেই কনস্টেবল সিদ্দিককে মারধর করা হয় বলে জানান এপিপি।
পরে এ ঘটনায় দণ্ডবিধির ১৮৬ ও ৩২৩ ধারায় নতুন মামলা আমলে নেয় আদালত। এরপর তাৎক্ষণিকভাবে সাক্ষ্যগ্রহণ শেষে বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের প্রতি সবার আস্থা ও সম্মান থাকা উচিত।
তিনি বলেন, ‘আজ আদালতে আসামি বশির যে আচরণ করেছেন, তা কোনোভাবেই কাম্য নয়।’