September 16, 2026, 7:15 pm

কাঁচপুরে বস্তাবন্দী ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জামির হোসেন নামে এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এর মধ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরের জালালাবাদ ওষুধ কোম্পানির একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবায় একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বস্তাটি নিয়ে সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেন।

পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। বস্তা খুললে এর ভেতর হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, আইয়ুব হোসেনকে অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এ ঘটনায় এলাকায় শোক, আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, “আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা