September 16, 2026, 7:15 pm

লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধ আমেনার মৃত্যু, আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে গোপনাঙ্গে এসিডদগ্ধের শিকার গৃহবধূ আমেনা খাতুন (২৮) দীর্ঘ নয় বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। গত ২১ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় প্রধান আসামি আফজাল হোসেন আপনসহ অন্য আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন নিহতের স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

নিহতের স্বজনদের অভিযোগ, ২০১৭ সালের ২ সেপ্টেম্বর রাতে যৌতুকের দাবিতে আমেনার গোপনাঙ্গে এসিড ঢেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা চললেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরবর্তীতে এসিডদগ্ধ স্থানে ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা জানান স্বজনরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ নয় বছরেও মামলার বিচার শেষ হয়নি। প্রধান আসামি পলাতক থাকায় ক্ষোভ প্রকাশ করে তাঁকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিহতের ভাই জাকির হোসেন বলেন, “আমার বোনকে দীর্ঘদিন নির্যাতন করা হয়েছে। নয় বছর ধরে আমরা বিচারের অপেক্ষায় আছি। এখন বোনের মৃত্যুর সুষ্ঠু বিচার চাই।”

নিহতের মা জাহানারা বেগমও মেয়ের মৃত্যুর বিচার দাবি করেন।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব জানান, ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রধান আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা