September 16, 2026, 6:33 pm

গুলশান বিভাগের ডিসিকে সদর দপ্তরে সংযুক্ত, এর আগে ওসি প্রত্যাহার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের সঙ্গে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তবে তানভীর আহমেদকে সদর দপ্তরে সংযুক্ত করার সুনির্দিষ্ট কোনো কারণ অফিস আদেশে উল্লেখ করা হয়নি।

এর আগে একই দিন সকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত শুক্রবার গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মী মিছিল বের করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

ঘটনার সময় ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটক করার কথা জানায় পুলিশ। একই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত সোমবার পর্যন্ত মামলাটিতে ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

এদিকে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা গুলশানে কয়েকশ মানুষের এমন জমায়েতের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আগে থেকে কোনো তথ্য ছিল কি না, থাকলে কেন আগাম ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মিছিলের সময় ককটেল বিস্ফোরণ এবং পরবর্তী সময়ে বিপুলসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টিও আলোচনায় এসেছে।

এ ঘটনার পর প্রথমে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়। এরপর গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকেও ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হলো।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা