September 16, 2026, 7:15 pm

রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ

নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে হতদরিদ্র এক নারীর চুরি হওয়া গরুর একটি উদ্ধার হয়েছে বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে গরুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিএনপির ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দল।

শোকজ পাওয়া ওই নেতার নাম দেলোয়ার হোসেন। তিনি ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির বাসিন্দা হতদরিদ্র হতি বেগমের দুটি গরু গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। পরদিন শুক্রবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রামগঞ্জ থানায় মামলা করেন তিনি। এরপর স্বজন ও স্থানীয় বাসিন্দারা গরু দুটির সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার স্থানীয় কয়েকজন বাসিন্দা দেলোয়ার হোসেনের গোয়ালঘরে একটি গরু দেখতে পান। গরুটি চুরি যাওয়া হতি বেগমের গরু বলে শনাক্ত করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দেলোয়ারের বাড়ির সামনে লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে। তবে ঘটনার পর থেকে তাকে এলাকায় পাওয়া যায়নি।

এদিকে বুধবার দুপুরে মুঠোফোনে দেলোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, গভীর রাতে দুজন ব্যক্তি তার গোয়ালঘরে গরুটি রেখে গেছেন। এ ঘটনায় দল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তিনি এর জবাব দেবেন বলেও জানান।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার বলেন, ঘটনাটি দুঃখজনক। দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চুরি হওয়া দুটি গরুর একটি দেলোয়ার হোসেনের বাড়ি থেকে এবং অপরটি চাটখিল থেকে উদ্ধার করা হয়েছে। দেলোয়ারকে খোঁজা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা