September 16, 2026, 7:15 pm

সৌরভ ইসলাম। পুরোনো ছবি ,সংগৃহীত

জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে তাড়াহুড়ো করে ছাদ থেকে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নিহতের স্বজনরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার ভোরে জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান তারা।

নিহত সৌরভ নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলামের ছেলে। তিনি গত প্রায় পাঁচ বছর ধরে জেদ্দার আলসাইম কোম্পানির অধীনে একটি ব্যাংকে টি-বয় হিসেবে কাজ করছিলেন।

স্বজনরা জানান, মঙ্গলবার ভোরে জেদ্দায় নিজের থাকার বাসার ছাদে উঠেছিলেন সৌরভ। এ সময় ইয়েমেন থেকে জেদ্দার দিকে ছোড়া একটি মিসাইল দেখতে পান বলে পরিবারের কাছে জানানো হয়েছে। একই সময় মোবাইলে অ্যালার্ম শুনে আতঙ্কিত হয়ে দ্রুত ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন তিনি।

তাড়াহুড়ো করে নামার সময় তার পায়ে একটি রশি পেঁচিয়ে যায়। এতে তিনি সিঁড়িতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। প্রচুর রক্তক্ষরণ হলেও সে সময় সঙ্গে থাকা অন্যরা ঘুমিয়ে থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরে সকালে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, এ ঘটনায় সৌদি পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে।

মঙ্গলবার বিকেলে সৌরভের এক সহকর্মী বাংলাদেশে থাকা তার স্বজনদের ফোন করে মৃত্যুর খবর দেন। সৌরভ প্রায় এক বছর আগে দেশে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে কাজে ফিরে গিয়েছিলেন।

এদিকে সৌরভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সকালে নরসিংদীর রায়পুরার মুছাপুর গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয়। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তার মা রেনু বেগম।

সৌরভের বাবা আমির ইসলাম ও মা রেনু বেগম বলেন, ‘সৌরভ আমার একমাত্র ছেলে ছিল। ফোনে বারবার আমাদের খোঁজ নিত। এখন কে আমাদের খবর নেবে? আমরা শেষবারের মতো ছেলের মুখ দেখতে চাই। নিজের হাতে ছেলেকে মাটি দিতে চাই। সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুত যেন ছেলের মরদেহ দেশে এনে দেওয়া হয়।’

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা