April 19, 2026, 11:52 pm

ভাড়ায় চালিত মটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে ভাড়ায় চালিত মটরসাইকেল চালক রাশেল হোসেন (২০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ২নম্বর সাগরদাড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের ডেপার মাঠ এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে পৌরসভার ২ ওয়ার্ডের সাবদিয়া গ্রামের মাজিদ মোড়লের ছেলে। এ ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার ২ ওয়ার্ডের সাবদিয়া গ্রামের মাজিদ মোড়লের ছেলে রাশেল হোসেন ভাড়ায় চালিত মটরসাইকেল নিয়ে সোমবার রাতে ভাড়া নিয়ে চুকনগর বাজারে যায়। তারপর সেখান থেকে দু’জন যাত্রী নিয়ে ১৮ মাইল হয়ে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির উদ্দেশ্যে রওনা হয়। পরিবারের লোকেরা রাত ১২টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পায়। মঙ্গলবার সকালে উপজেলার চিংড়া গ্রামের ডেপার মাঠে ধান ক্ষেতের পাশে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে কেশবপুর থানা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তার গলা কাটা ও পেটে কোপের চিহ্ন এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি উপজেলার গোপসানা এলাকা থেকে ডিউটিকালিন সময়ে চিংড়া ক্যাম্পের পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, ভাড়ায় চালিত মটরসাইকেল চালক রাশেল হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির গলাকাটা ও পেটে কোপের চিহ্ন এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুরে লাশ যশোর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা