September 21, 2026, 7:16 am

রাজশাহী স্টেশনে শিক্ষার্থী মারধর: ঘটনায় আনসার সদস্য জড়িত নন

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য জড়িত নন বলে জানিয়েছে বাহিনীটি। তাদের দাবি, ওই ঘটনায় সম্পৃক্ত ছিলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি পরিষ্কার করতে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবির এক শিক্ষার্থীর সঙ্গে আরএনবি সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্টেশনে বিক্ষোভ ও স্লোগান দেন।

এ সময় আরএনবি সদস্যদের রাতের পোশাকের সঙ্গে আনসার সদস্যদের পোশাকের সাদৃশ্য থাকায় শিক্ষার্থীরা ভুলবশত আনসার সদস্যদের বিরুদ্ধে স্লোগান দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরে শিক্ষার্থীরা বিষয়টি জানতে পারেন এবং নিশ্চিত হন যে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিরা আরএনবির সদস্য, আনসারের নন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে ওই ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা নেই।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরও বলেছে, প্রকৃত তথ্য যাচাই না করে আনসার সদস্যদের জড়িয়ে সংবাদ প্রকাশ বিভ্রান্তিকর। এতে একটি সুশৃঙ্খল বাহিনীর ভাবমূর্তি অযাচিতভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে প্রকৃত তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা