দুবাই থেকে ব্যাংককগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঘুমন্ত এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানের এক নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত। আদালত একই সঙ্গে তাকে ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
ঘটনাটি ঘটে দুবাই থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি রাতের ফ্লাইটে। বিমানটি অবতরণের পরপরই থাই পুলিশ অভিযুক্ত যাত্রীকে আটক করে। ভুক্তভোগী গিত ৩ আগস্ট নিজের ফেসবুক পেইজে ঘটনাটি শেয়ার করেন।
অর্ননিচা জানান, তিনি চার বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে দুবাই থেকে ব্যাংকক যাচ্ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন, কাছের আসনে বসা এক পাকিস্তানি যাত্রী তার আসনের ওপর হাত রেখে বসে আছেন। কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে পড়েন এবং ঘুম ভাঙার পর অনুভব করেন, কেউ তার শরীরের ডান পাশের নিতম্বের কাছে স্পর্শ করছে।
ভুক্তভোগী অভিযোগ করেন, তিনি পাশের যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে কেবিন ক্রুদের জানান। বিমানকর্মীরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগ স্বীকার করে ক্ষমা চান। তবে ভুক্তভোগী বিষয়টি মীমাংসা করতে রাজি হননি এবং ব্যাংককে বিমান অবতরণের পর পুলিশ উপস্থিত রাখার অনুরোধ করেন।
থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ দ্রুত তদন্ত শেষে অভিযুক্তকে আদালতে হাজির করে। আদালত তাকে তিন বছরের কারাদণ্ড, ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দেন। ভুক্তভোগী আন্তর্জাতিক ভ্রমণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।