পাকিস্তানে গত এক দশকে পুরুষদের মধ্যে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে কমলেও নারীদের মধ্যে তা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০১৪ থেকে ২০২৪ সালের তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। খবর সামা টিভির।
তথ্য অনুযায়ী, ২০১৪ সালে পাকিস্তানে পুরুষ ধূমপায়ীর হার ছিল ২২ দশমিক ২ শতাংশ, যা ২০২৪ সালে কমে ১৫ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ এক দশকে পুরুষদের ধূমপানের হার প্রায় ২৯ শতাংশ আপেক্ষিকভাবে কমেছে।
অন্যদিকে, একই সময়ে নারীদের মধ্যে ধূমপানের হার ২ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। নারীদের ধূমপায়ীর হার প্রায় ৫৭ শতাংশ আপেক্ষিকভাবে বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, গত এক দশকে তামাক নিয়ন্ত্রণ নীতি ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পুরুষদের ধূমপানের হার কমাতে ভূমিকা রেখেছে। তবে নারীদের মধ্যে ধূমপান বৃদ্ধির কারণগুলো আলাদাভাবে চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ধূমপানের পরিবর্তনশীল এই প্রবণতা বিশ্লেষণের জন্য ‘গ্যালপ পাকিস্তান ডিজিটাল অ্যানালিটিক্স’ ‘পাকিস্তান টোব্যাকো ইনসাইটস’ নামে একটি নতুন ড্যাশবোর্ড চালু করেছে। এতে বয়স ও লিঙ্গভিত্তিক ধূমপানের হার, পরোক্ষ ধূমপানের প্রভাব এবং তামাক নিয়ন্ত্রণ নীতি নিয়ে জনমতের তথ্যও যুক্ত করা হয়েছে।