November 21, 2026, 8:48 pm

ছবি: সংগৃহীত

ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী ট্রাফিক কর্মকর্তা

ভারতের আসাম রাজ্যের জোরহাটে সড়ক নিরাপত্তা অভিযানের সময় সেনাবাহিনীর একটি গাড়িতে মামলা দেওয়ার ঘটনায় বিতর্কের মুখে পড়েছেন পরিবহন বিভাগের এক নারী কর্মকর্তা। সেনাসদস্যদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সাময়িকভাবে সক্রিয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সেনাবাহিনীর গাড়িতে মামলা দেওয়ার কারণে নয়, দায়িত্ব পালনের সময় আচরণ এবং গণমাধ্যমে দেওয়া বক্তব্যের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও নবভারত টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ নভেম্বর জোরহাট শহরের ব্যস্ত এ টি রোডে আন্তরাজ্য বাস টার্মিনালের (আইএসবিটি) সামনে এ ঘটনা ঘটে। সড়ক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় যানবাহন তল্লাশি করছিলেন পরিবহন বিভাগের কর্মকর্তারা। এ সময় মোটরযান পরিদর্শক সামিম সুলতানা সেনাবাহিনীর একটি গাড়ি থামিয়ে চালকের সিটবেল্ট না পরার অভিযোগে মামলা করেন।
গাড়িটির চালক জোরহাট সামরিক স্টেশনের লিচুবাড়িতে অবস্থিত ৪১ সাব-এলাকার সদস্য ছিলেন। সরকারি দায়িত্বে আরেক সেনাসদস্যকে সঙ্গে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি। গাড়ি থামানোর পর চালকের লাইসেন্স নিয়ে সামিম সুলতানার সঙ্গে তার কথাকাটাকাটি হয়। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক তৈরি হয়।
জোরহাটের জেলা পরিবহন কর্মকর্তা ধনঞ্জয় সাইকিয়া জানান, সিটবেল্ট না পরার কারণেই সেনাসদস্যের বিরুদ্ধে চালান করা হয়েছিল। বৈধ চালকের লাইসেন্স না থাকার অভিযোগে তাকে জরিমানা করা হয়নি। সামরিক যান চালানোর ক্ষেত্রে সেনাসদস্যরা প্রতিরক্ষা বিভাগের দেওয়া লাইসেন্স ব্যবহার করতে পারেন। এ জন্য সাধারণ নাগরিকদের মতো চালকের লাইসেন্সের প্রয়োজন হয় না।
তবে সেনাসদস্যের সঙ্গে কথোপকথনের সময় মোটরযান পরিদর্শকের আচরণ যথাযথ ছিল না বলে স্বীকার করেছেন জেলা পরিবহন কর্মকর্তা। তিনি জানান, সামিম সুলতানাকে এক থেকে দুই দিনের জন্য সক্রিয় দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমের সামনে দেওয়া তার কিছু বক্তব্যেও বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জোরহাট জেলা প্রশাসন। প্রশাসনের ভাষ্য, ভুল বোঝাবুঝি ও ভুল তথ্য ছড়িয়ে পড়ায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনী, জরুরি সেবা ও অ্যাম্বুলেন্সের যানবাহনের ক্ষেত্রে দায়িত্ব পালনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্ক, সংবেদনশীল ও সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আসামের প্রতিবেশী গোলাঘাট জেলায় গত ১৩ নভেম্বর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হওয়ার পর রাজ্যজুড়ে যানবাহন তল্লাশি ও সড়ক নিরাপত্তা অভিযান জোরদার করা হয়। এরই অংশ হিসেবে জোরহাটে অভিযানটি চালানো হয়েছিল। ওই দিন আইএসবিটির কাছে ট্রাফিক আইন লঙ্ঘনের ১৮৯টি ঘটনা শনাক্ত করার পাশাপাশি ১৬টি যানবাহন জব্দ করা হয়।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা