November 20, 2026, 7:18 am

রিপাবলিকান পার্টির জাতীয় মধ্যবর্তী সম্মেলনের মঞ্চে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব নাকচ করল মার্কিন সিনেট

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এর মধ্য দিয়ে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থানের প্রতি রিপাবলিকান সদস্যদের সমর্থন বজায় থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে যুদ্ধবিরোধী জনমতও ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিনেটে ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি বাতিল হয়। প্রস্তাবটি পাস হলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা তা অব্যাহত রাখতে কংগ্রেসের অনুমোদন নিতে হতো ট্রাম্পকে। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজোল্যুশনের আওতায় প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২২০-২০৪ ভোটে এটি পাস হয়।

সিনেটের ভোটে দলীয় অবস্থানের প্রতিফলন দেখা গেছে। প্রস্তাবের পক্ষে ভোট দেন তিন রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স, লিসা মারকাওস্কি ও র‍্যান্ড পল। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে কেবল পেনসিলভানিয়ার জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। তিনি ইসরায়েল ও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন।

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার উদ্যোগ অবশ্য নতুন নয়। কংগ্রেসের অনুমতি ছাড়া সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা নিয়ন্ত্রণে এর আগেও একাধিকবার উদ্যোগ নিয়েছেন আইনপ্রণেতারা। গত জুনে একই ধরনের একটি প্রস্তাব সিনেটে পাস হয়েছিল। তবে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা নিয়ন্ত্রণে পরবর্তী উদ্যোগগুলো সফল হয়নি। এবারের প্রস্তাবটিরও বাধ্যতামূলক আইনি কার্যকারিতা ছিল না। মূলত প্রতীকী পদক্ষেপ হিসেবেই এটি উত্থাপন করা হয়।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নেননি। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে ন্যস্ত।

যুদ্ধ নিয়ে বাড়ছে মার্কিন নাগরিকদের অসন্তোষ

ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। মধ্যবর্তী নির্বাচনের পর প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক চান, কংগ্রেস এমন আইন প্রণয়ন করুক, যার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করা সম্ভব হবে। এ ধরনের আইনের পক্ষে মত দিয়েছেন ৯৩ শতাংশ ডেমোক্র্যাট ও ৫১ শতাংশ রিপাবলিকান।

ইউগভের আরেকটি জরিপেও যুদ্ধবিরোধী মনোভাবের চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৪৪ শতাংশ মার্কিন নাগরিক জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করেন এমন প্রার্থীদের ভোট দেওয়ার সম্ভাবনা তাঁদের কম। বিপরীতে ১৩ শতাংশ বলেছেন, যুদ্ধের পক্ষে থাকা প্রার্থীদের ভোট দেওয়ার সম্ভাবনা তাঁদের বেশি।

যুদ্ধে জড়ানোর সিদ্ধান্তের ক্ষেত্রে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন। তিনি প্রস্তাবটির পক্ষে ভোট দিতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান।

টিম কেইনের মতে, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে যুদ্ধ নিয়ে জনগণের অসন্তোষের পাশাপাশি খাদ্য, জ্বালানি ও অন্যান্য পণ্যের বাড়তি দাম নিয়ে উদ্বেগও প্রতিফলিত হয়েছে।

ভোটের আগে তিনি বলেন, ‘৩ নভেম্বরের নির্বাচনের ফলাফলে যুদ্ধটির প্রতি জনগণের অসন্তোষ একেবারে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা