November 20, 2026, 7:18 am

আদালত প্রাঙ্গনের সামনে পুলিশকে লক্ষ্য ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

মঠবাড়িয়ায় ম্যাজিস্ট্রেট আদালতের সামনে দুটি ককটেল নিক্ষেপ, আতঙ্ক

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের সামনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে অবস্থিত আদালতের ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত আদালতের ফটকের সামনে অবস্থানরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ সেটি উদ্ধার করে।

ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আদালত ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, উপজেলা চত্বরে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। তবে ককটেলগুলো সরাসরি পুলিশ সদস্যদের লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা