November 20, 2026, 7:18 am

১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার বইতে পারে। ফাইল ছবি

উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে। শক্তি কিছুটা কমে গেলেও ঘূর্ণিঝড়টি বর্তমানে বঙ্গোপসাগরের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে উত্তর দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা