চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের পাশাপাশি পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত বিদেশি নম্বর থেকে পাঠানো এসব বার্তায় গ্রেপ্তার অভিযান বন্ধ না করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দেওয়া হয়। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে ওসির সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে ‘+২৭৭৩৬৩৫৬৪২৩’ নম্বর থেকে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়। বার্তাগুলোতে বাংলা ও ইংরেজি ভাষায় ভয়ভীতি প্রদর্শন করা হয়। একাধিক বার্তায় ওসির পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়ার পাশাপাশি তাকে গ্রেপ্তার অভিযান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
একটি বার্তায় লেখা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো।’ অন্য একটি বার্তায় বলা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’ এ ছাড়া ওসিকে উদ্দেশ করে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। জিডির নম্বর ৯০৪।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদেরও গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানের কারণেই এমন হুমকি দেওয়া হতে পারে বলে তিনি ধারণা করছেন।
তিনি আরও জানান, হুমকিদাতার ব্যবহৃত নম্বর শনাক্ত এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, জোরারগঞ্জ থানায় যোগদানের পর থেকে বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী অভিযানে ভূমিকা এবং দ্রুত তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়ার ক্ষেত্রে সাফল্যের জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম।