November 20, 2026, 7:18 am

২২ জেলায় নাশকতা-অগ্নিসংযোগ, নিহত ৪; আতঙ্ক ছড়িয়েছে চট্টগ্রামেও

দেশের অন্তত ২২টি জেলায় দুই দিনের ব্যবধানে নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চারজন নিহত হয়েছেন। রাজধানীসহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ধারাবাহিক এসব ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বাণিজ্যিক নগরী চট্টগ্রামে সরকারি-বেসরকারি স্থাপনা, যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত বাসভবনে একের পর এক হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল, যশোর, ফরিদপুর, দিনাজপুর, পিরোজপুর, নেত্রকোনা, মেহেরপুর, হবিগঞ্জ, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ ২২টি জেলায় এসব ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে নড়াইলে দুজন, পিরোজপুরে একজন এবং ফরিদপুরে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বিএনপির নেতা। অন্যজন পিরোজপুরে একটি বাসের হেলপার। ঘুমন্ত অবস্থায় বাসে আগুন দেওয়ার ঘটনায় তার মৃত্যু হয়।

চট্টগ্রামে সরকারি স্থাপনা থেকে ব্যক্তিগত বাসভবন, বাদ যাচ্ছে না কিছুই

চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা বেড়েছে। সরকারি স্থাপনা, বিএনপি নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান, পুলিশ বক্স, ব্যাংক কার্যালয় এবং যানবাহনকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। নগরী ও জেলার বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে একাধিক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করছে বিএনপি। অন্যদিকে, কয়েকটি ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে পুলিশ।

সর্বশেষ বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির কাছাকাছি রামদা, লগি ও বৈঠা হাতে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই রাতে নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলদ্বীপ এলাকার একটি সড়কে মিছিলটি হয়। সড়কটি থেকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাসভবনের দূরত্ব প্রায় ১০০ মিটার। মিছিলে অংশ নেওয়া সবার মাথায় হেলমেট ছিল। মিছিল শেষে সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে সরে যান তারা।

অন্যদিকে, রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ এলাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকা বাড়িটিতে কীভাবে হামলার ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রোল বোমা ছুড়ে বাড়িটির নিচতলায় আগুন ধরিয়ে দেন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন এলাকায় একাধিক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ১টার দিকে নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়াতে পারেনি। স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বলেন, বক্সটির জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে প্রবেশ করতে পারেনি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

একই রাতে বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়া হয়। রাত পৌনে ৩টার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি বাড়ির সামনে জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী জানান, রাতে টহল দায়িত্বে থাকা রমদাশমুন্সির পুলিশ বিটের এসআই বাবুকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান তিনি।

বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় নাশকতা ও অগ্নিসংযোগ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে।

একই রাতে সাতকানিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগ করা হয়। ভবনটিতে ব্যাংকের এরিয়া অফিস ও ঢেমশা শাখা রয়েছে। ঘটনার সময় সেখানে ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। গভীর রাতে জানালা দিয়ে ফটকে আগুন জ্বলতে দেখে তারা নিচে নেমে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান জানান, আগুনের বিষয়টি বুঝতে পেরে কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। তবে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, প্রাথমিকভাবে বোতলজাতীয় বস্তু ব্যবহার করে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

দিনদুপুরে বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর

মঙ্গলবার দিনদুপুরে নগরের খাতুনগঞ্জে বিএনপি নেতা মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান এমইবি গ্রুপ অব কোম্পানিজের (ইলিয়াস ব্রাদার্স) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শামসুল আলম চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

তার অভিযোগ, কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে প্রতিষ্ঠানে হামলা চালায় এবং দরজার কাচ ভাঙচুর করে। এ সময় আশপাশের ব্যবসায়ী ও শ্রমিকেরা হামলাকারীদের ধাওয়া করেন। পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে জড়িত সন্দেহে দুজনকে আটক করে। শামসুল আলম এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণেও আতঙ্ক

চট্টগ্রামে এর আগেও একাধিক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ৯ নভেম্বর রাত থেকে ১০ নভেম্বর ভোর পর্যন্ত নগরের তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়। এর মধ্যে আকবরশাহ থানার নিউ মনসুরাবাদ ও পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশের জব্দ করা একটি ট্রাকেও আগুন দেওয়া হয়।

৯ নভেম্বর রাত ১২টার দিকে আনোয়ারা উপজেলার গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দায়িত্বরত নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনলেও ব্যাংকের কিছু পুরোনো নথিপত্র পুড়ে যায়।

একই রাতে নগরের ব্যস্ততম নিউমার্কেট এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আকস্মিক বিস্ফোরণে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে ৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে কেউ হতাহত হননি।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, দুটি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। এলজিইডি কার্যালয়ের সামনে পড়া বোমাগুলো ভেঙে যাওয়ায় আগুন ধরেনি। অন্যদিকে, চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া বোমাটি আট থেকে ১০ সেকেন্ড জ্বলে নিভে যায়। পরে কার্যালয়ের কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন।

এদিকে, বিভিন্ন হামলা ও অগ্নিসংযোগের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক আইডি থেকে এসব ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে। হামলার পাশাপাশি এসব দৃশ্য ছড়িয়ে দিয়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, বাস, নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়ে আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠা করা যাবে না। প্রশাসন সজাগ রয়েছে এবং এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা