আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। তিনি বলেন, ‘রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের। তার কারণেই আওয়ামী লীগের পতন ত্বরান্বিত হয়েছে।’
বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মামলায় ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউশন। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। সব আসামি পলাতক রয়েছেন।
যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, মামলার আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ব্যক্তিগত দায় রয়েছে এবং তাদের ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ আছে। তিনি বলেন, ‘হাজারো মানুষকে হত্যার জন্য তারা দায়ী এবং ৩৫ হাজারের মতো মানুষকে গুরুতর জখম করার জন্যও তারা দায়ী।’
আমিনুল ইসলাম আরও বলেন, ‘মামলার আসামিরা অপরাধ ঠেকাতে পারেননি। বরং ওবায়দুল কাদের নির্দেশনা দিয়েছেন যে এই ধরনের নির্দেশনার ফলাফল কী হতে পারে।’