August 14, 2026, 10:40 am

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ না হলে ২০ লাখ মানুষের সমাবেশের হুঁশিয়ারি

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ না হলে ২০ লাখ মানুষের সমাবেশের হুঁশিয়ারি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত ২৭ সেপ্টেম্বরের আগে আদিয়ালা কারাগারে যাবেন না বলে জানিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়া হয়, তবে ওই দিন ২০ লাখ লোকের সমাবেশ করা হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফ্রিদি এই তথ্য জানান। তিনি বলেন, ‘২৭ সেপ্টেম্বরের আগে আমি শেষবারের মতো আদিয়ালায় এসেছি। সরকার বৈঠকের বিষয়টি নিশ্চিত না করলে আমি আর ফিরে আসব না।’

মুখ্যমন্ত্রী আফ্রিদি অভিযোগ করেন, কর্তৃপক্ষ ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিতে চাচ্ছে না, যদিও আদালতের নির্দেশনা রয়েছে। তিনি উল্লেখ করেন, আদালত সপ্তাহে দুবার সাক্ষাতের অনুমতি দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না, যা দেশের আইন ও বিচারব্যবস্থার ওপর আঘাত।

আফ্রিদি বলেন, বৈঠকের অনুমতি না দিলে পিটিআইয়ের কর্মীরা গতকাল রাত ১০টা থেকে দেশজুড়ে সড়ক অবরোধ করবেন। তিনি দলীয় কর্মীদের রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান এবং দাবি করেন, ইমরান খানের প্রতি সরকারের আচরণ মেনে নেওয়া যায় না।

পিটিআইয়ের গণমাধ্যম শাখার তথ্য অনুযায়ী, বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আফ্রিদি বলেন, পাকিস্তানের জনগণ তাদের সমস্যার সমাধান চায় এবং কেবল ইমরান খানই তা নিশ্চিত করতে পারেন। ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষকে সঙ্গে নিয়ে তিনি ইসলামাবাদের দিকে পদযাত্রা করবেন বলে জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা