November 18, 2026, 6:55 pm

নিজেদের মতো করে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পেল বিশ্ববিদ্যালয়গুলো

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে গত ৯ নভেম্বর নেওয়া সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন, বিধি-বিধান ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। ফলে ভর্তি পরীক্ষা কবে ও কীভাবে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণের দায়িত্ব থাকছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্তৃপক্ষের হাতে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে কমিশনের সব সদস্য এবং ভার্চ্যুয়ালি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেন।

সভায় গত ৯ নভেম্বর অনুষ্ঠিত উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভার সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করা হয়। ওই সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

তবে ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বিষয়টি পুনর্বিবেচনার উদ্যোগ নেয় ইউজিসি। এর ধারাবাহিকতায় বুধবারের বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

পর্যালোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে, ৯ নভেম্বরের সভার সিদ্ধান্ত বাতিল, নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতা নিশ্চিত করা এবং এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণের নির্দেশনা।

সভায় বলা হয়, শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রচলিত আইনগত কাঠামোর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের সার্বিক স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

এর আগে ৯ নভেম্বরের সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানিয়েছিলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে বলেও জানিয়েছিলেন তিনি।

এ ছাড়া পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রণয়নের জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছিল। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, সেগুলো জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ যাতে সাংঘর্ষিক না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন ইউজিসি চেয়ারম্যান। এর উদ্দেশ্য ছিল, শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা