November 17, 2026, 6:49 pm

নোবিপ্রবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের নবীনবরণ ও ৫ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ বিভাগ। এ বিভাগের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত, সমৃদ্ধ ইতিহাস ও সাফল্যের দীর্ঘ পরম্পরা। এ মর্যাদা ধরে রাখতে হলে শিক্ষা, গবেষণা, জ্ঞানচর্চা এবং কর্মক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জন করতে হবে।

উপাচার্য আরও বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শুধু প্রচলিত চাকরির বাজারেই নয়, রাষ্ট্রের প্রতিটি স্তরে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে হবে। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার প্রতি সর্বোচ্চ মনোযোগী হতে হবে এবং নিজেদের জ্ঞান ও দক্ষতা বিকাশে সচেষ্ট থাকতে হবে। জীবনে বড় কিছু অর্জন করতে হলে প্রথমেই স্বপ্ন দেখতে শিখতে হবে। যে স্বপ্ন দেখতে জানে না, তার পক্ষে স্বপ্ন বাস্তবায়নের পথ তৈরি করাও সম্ভব নয়। শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে নিষ্ঠা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে তা অর্জনের জন্য এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী।

এ সময় বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সেলিনা জিন্নাত ঐশী, নোবিপ্রবি (নোয়াখালী) :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা