পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি-১২। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এসআরবি-১২, পাবনা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয়ের অব্যবহৃত ভবনে তল্লাশি চালায়। এ সময় সেখানে মজুত রাখা ৭৭টি ককটেল এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে বিদ্যালয়ের পাশে নতুন ভবন নির্মাণের পর পুরোনো ভবনটি আর ব্যবহার করা হয় না। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ভবনটিতে দুর্বৃত্তরা বিস্ফোরক মজুত কিংবা ককটেল তৈরির কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার পলি রানী সরকার জানান, অভিযান চালিয়ে মোট ৭৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করতে রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দলের আসার কথা রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী তদন্তের জন্য উদ্ধার করা আলামত ঢাকায় পাঠানো হবে।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবনে এত বিপুলসংখ্যক ককটেল কীভাবে এল, কারা এগুলো সেখানে রেখেছে এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের বিস্ফোরক মজুতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন জরুরি।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।