সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জাতীয় সংসদে বিষয়টি উত্থাপনের পর তিনি বলেন, সরকার ঘটনাটি গুরুত্ব সহকারে দেখবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতির শেষ পর্যায়ে আইনমন্ত্রী এ আশ্বাস দেন।
এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, গত সোমবার (১৬ নভেম্বর) যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা চালান। তাকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
নাজিবুর রহমান মোমেন বলেন, হামলার সময় ওই আইনজীবী বারবার নিজের পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাকে ছাড়েননি। এ সময় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী উপস্থিত থাকায় তিনি এ বিষয়ে দুই মন্ত্রীর বিবৃতি দাবি করেন। পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘একটু আগে বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন যে বিষয়টি উত্থাপন করেছেন, এ বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করছি, করব। এই প্রতিশ্রুতি আমরা সংসদের সামনে দিতে পারি।’