November 17, 2026, 6:49 pm

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ও পরিবারের ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ, রেড নোটিশের আবেদন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে বিভিন্ন দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

তিনি জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত ২৪টি মামলা করেছে দুদক। এর মধ্যে সাতটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি।

অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে।

এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তদন্ত করছে দুদক।

সংবাদ সম্মেলনে দুদক সচিব আরও জানান, সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে নতুন করে সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি। এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সাইদুর রহমান খান বলেন, সম্পদের পরিমাণের চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ এবং বিচার নিশ্চিত করাই দুদকের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, এসব মামলায় আসামিদের বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা