November 12, 2026, 2:35 pm

ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আগেভাগেই দেশে ফিরছেন ঢাবির ৮ চীনা শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় শর্ট কোর্সে অংশ নিতে আসা আট চীনা শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন। ইতোমধ্যে দুজন চীনে ফিরে গেছেন। আগামী ১৩ নভেম্বর বাকি ছয়জনের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

চলতি নভেম্বরের শেষ দিকে তাদের কোর্স শেষ হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় পরিবারের উদ্বেগের কারণে আগেভাগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার।

তিনি জানান, চীনা শিক্ষার্থীরা মূলত একটি শর্ট কোর্সে অংশ নিতে ঢাবিতে এসেছিলেন। তাদের কোর্স প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ায় তারা নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দেশে ফিরে নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকে কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন তারা।

এদিকে, চলমান পরিস্থিতি নিয়ে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে হল প্রশাসন। প্রাধ্যক্ষ জানান, শিক্ষার্থীরা দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পর আগেই বিমানের টিকিট কেটে রেখেছিলেন। তবে বৈঠকে হল প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ব্যবসায় শিক্ষা অনুষদসহ (এফবিএস) বিভিন্ন স্থানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার, ছয়টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপনসহ নিরাপত্তা জোরদারে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিদেশি শিক্ষার্থীদের বৈঠকে বিস্তারিত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা