রাজধানীর কলাবাগানের একটি ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে তার মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পিংকি বিশ্বাস বেসরকারি আনোয়ার খান মর্ডান নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। তিনি কলাবাগান ক্রিসেন্ট রোডের একটি ছাত্রীনিবাসের পাঁচতলা ভবনের নিচতলায় বসবাস করতেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, সকাল ৮টার দিকে ভবনের মালিকের কাছ থেকে খবর পেয়ে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায় ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এসআই লিজা আক্তার জানান, কক্ষে তিনজন ছাত্রী থাকতেন, তবে তাদের মধ্যে দুজন ছুটি নিয়ে বাড়ি গেছেন। পুলিশ পিংকির আত্মহত্যার সম্ভাবনা নিয়ে তদন্ত করছে।