এক কোটি টাকা যৌতুক দাবি এবং স্ত্রীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন, যিনি প্রিন্স মামুন নামে পরিচিত, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার একটি আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
শুক্রবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে প্রিন্স মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মামুনের স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযোগে বলা হয়েছে, মামুন বিয়ের পর থেকেই স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
এজাহারে উল্লেখ করা হয়, প্রিন্স মামুন বিয়ের পর থেকে এক কোটি টাকা যৌতুক দাবি করে আসছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মোহনাদের বাসায় গিয়ে আবারও ওই টাকা দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং মামুন শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে।
মোহনার বাম চোখের নিচে রক্তাক্ত জখম, ডান কানে নীলাফুলা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রিন্স মামুনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।