October 2, 2026, 12:01 pm

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১২ কার্টন ভারতীয় ইলিশ জব্দ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১২ কার্টন ভারতীয় ইলিশ জব্দ

বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা দিয়ে আমদানি করা ১২ কার্টন (প্রায় ৩৬০ কেজি) ভারতীয় ইলিশ মাছ জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা মাছগুলো নিলামে বিক্রি করা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, গত ২২ জুলাই ভারত থেকে স্বর্ণালী এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৪৬৪ প্যাকেজে মোট ২৬ হাজার ৩১০ কেজি (গ্রস) এবং ১৩ হাজার ৮৬৪ কেজি (নিট) ওজনের সাদা মাছ আমদানি করে। চালানটির মেনিফেস্ট নম্বর ৪৪৬৮৯ (তারিখ: ২২ জুলাই ২০২৬)।

বেনাপোল কাস্টম হাউসের সুপারিনটেনডেন্ট আরিফুল ইসলাম বলেন, কায়িক পরীক্ষার সময় ঘোষণায় উল্লেখিত সাদা মাছের পরিবর্তে ১২ কার্টনে ৩৬০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। ঘোষণাবহির্ভূত হওয়ায় মাছগুলো জব্দ করা হয়েছে। এগুলো বিধি অনুযায়ী নিলামে বিক্রি করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ভারত থেকে ইলিশ এনে পদ্মার ইলিশ বলে বিক্রির চেষ্টায় একটি অসাধু পক্ষ এতে জড়িত। তারা দাবি করেছেন, এ ধরনের ঘটনা রোধে বন্দর এলাকায় কাস্টমসের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

এদিকে, বারবার মিথ্যা ঘোষণা দিয়ে ঘোষণাবহির্ভূত বা নিষিদ্ধ পণ্য আমদানির চেষ্টার বিষয়ে জানতে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা