October 1, 2026, 9:39 am

কুষ্টিয়ায় চা বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

কুষ্টিয়ায় চা বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকা থেকে ৬০ বছর বয়সী চা বিক্রেতা সামিরুল শাহের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে একটি মাঠের মধ্যে বাঁশের মাচায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সামিরুল শাহ তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। তার পরিবার দীর্ঘদিন ধরে মেহেরপুরের গাংনী উপজেলা থেকে এই এলাকায় বসবাস করছে। নিহতের বড় ছেলে সাঈদ জানান, বৃহস্পতিবার সকালে তার বাবা মুন্টু নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যান, এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সামিরুল শাহের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা