July 24, 2026, 6:59 pm

সদ্য পদত্যাগী রাষ্ট্রপতির জন্য অবসর ভাতা ও সরকারি সুবিধা

সদ্য পদত্যাগী রাষ্ট্রপতির জন্য অবসর ভাতা ও সরকারি সুবিধা

বাংলাদেশে রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা মেয়াদ শেষে দায়িত্ব ছাড়লে তিনি আজীবন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী হন। তবে এসব সুবিধা পেতে হলে রাষ্ট্রপতি হিসেবে অন্তত ছয় মাস দায়িত্ব পালন করতে হবে এবং অভিশংসনের মাধ্যমে অপসারিত হওয়া যাবে না। এ বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬’-এ।

আইন অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করা বা মেয়াদ শেষ করা ব্যক্তি আমৃত্যু মাসিক অবসরভাতা পাওয়ার অধিকারী। এই অবসরভাতা রাষ্ট্রপতির সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ৭৫ শতাংশ হারে নির্ধারিত হয়। বর্তমানে রাষ্ট্রপতির মূল মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা, ফলে সাবেক রাষ্ট্রপতি প্রতি মাসে ৯০ হাজার টাকা অবসরভাতা পান।

সাবেক রাষ্ট্রপতিরা চাইলে মাসিক অবসরভাতার পরিবর্তে এককালীন আনুতোষিক গ্রহণ করতে পারেন। এই ক্ষেত্রে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকৃত প্রতি বছরের জন্য এক বছরের অবসরভাতার সমপরিমাণ অর্থ এককালীন পাবেন।

অবসরভাতা গ্রহণরত অবস্থায় সাবেক রাষ্ট্রপতির মৃত্যু হলে তার স্ত্রী বা স্বামী আমৃত্যু বিশেষ পারিবারিক ভাতা পাওয়ার অধিকারী হবেন, যা সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য অবসরভাতার দুই-তৃতীয়াংশ হবে।

আইনের ৫ ধারা অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতিরা আরও কয়েকটি সরকারি সুবিধা পান, যার মধ্যে রয়েছে ব্যক্তিগত সহকারী (পিএ) নিয়োগের সুবিধা, সরকারি চিকিৎসা সুবিধা, সরকারি খরচে আবাসিক টেলিফোন সংযোগ এবং বিদেশ সফরের জন্য কূটনৈতিক পাসপোর্ট ব্যবহারের সুযোগ। তবে অভিশংসনের মাধ্যমে অপসারিত সাবেক রাষ্ট্রপতিরা এসব সুবিধার আওতায় আসেন না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা