আর্জেন্টিনা ফুটবল দল টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি। ২০২৬ বিশ্বকাপে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে রানার্সআপ হয়েছে লিওনেল স্কালোনির দল। শিরোপা হাতছাড়া হওয়ার পর এবার তাদের অফিসিয়াল জার্সিতে পরিবর্তন আসছে।
আর্জেন্টিনার অফিসিয়াল জার্সির বুকের অংশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজটি। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে এই ব্যাজটি তাদের জার্সিতে ছিল। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৯ জুলাই রোববারের ফাইনালের পর থেকে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ ব্যাজটি থাকবে না। স্পেনের কাছে পরাজিত হওয়ার পর এই ব্যাজটি এখন স্পেনের দখলে চলে গেছে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে লামিনে ইয়ামালদের জাতীয় দলের জার্সিতে এই ব্যাজ থাকবে।
বর্তমানে আর্জেন্টাইন জার্সিতে কেবল ২০২৪ সালের ‘কোপা আমেরিকা চ্যাম্পিয়ন’ প্যাচটি থাকবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ফাইনালে লাউতারো মার্টিনেজের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
গত ১৯ জুলাই ইতিহাসের সর্ববৃহৎ বিশ্বকাপ আসরের পর্দা নেমেছে। মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা উৎসব করেছে স্পেন। আর্জেন্টিনা ৯০ মিনিটে কোনো শট নিতে পারেনি এবং অতিরিক্ত সময়ে দুটি শট নিলেও তা ছিল না অন-টার্গেটে।