July 13, 2026, 4:13 pm

রংপুরের গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত, নাতি আহত

রংপুরের গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত, নাতি আহত

রংপুরের গঙ্গাচড়ায় একটি বিয়ে বাড়িতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পশ্চিম মান্দ্রাইন গ্রামের ৭৫ বছর বয়সী নির্মল চন্দ্র রায় এবং তার ৩৫ বছর বয়সী ছেলে প্রশান্ত চন্দ্র রায়, যিনি পেশায় পল্লিচিকিৎসক ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত নাতি ৫ বছর বয়সী বন্ধন চন্দ্র রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রশান্ত চন্দ্র রায় তার বাবা ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে তুলশীরহাটের উদ্দেশ্যে রওনা হন। মন্থনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রশান্ত চন্দ্র রায় নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে নির্মল চন্দ্র রায়ও মারা যান।

গঙ্গাচড়া থানার ওসি আব্দুস ছবুর জানিয়েছেন, দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা