November 17, 2026, 7:07 pm

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল করারও সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

গোপালগঞ্জে নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকার কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল করারও সুযোগ নেই।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। সরকার কোনো ধরনের নাশকতা ও সহিংসতা মেনে নেবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। এর পাশাপাশি সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো ঘটনাও গ্রহণযোগ্য নয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিওতে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের শনাক্ত করার কাজ চলছে। ইতিমধ্যে এলাকায় যৌথবাহিনী মোতায়েন রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
প্রেস ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, দায়িত্ব পালনের প্রয়োজনে পুলিশের বলপ্রয়োগের ক্ষমতা রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করা যাবে না।

অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজন অনুযায়ী এবং আনুপাতিক হারে শক্তি প্রয়োগ করে দায়িত্ব পালন করতে হবে।

গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কোনো এলাকায় দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার বিষয় সামনে এলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তবে কোনো কর্মকর্তাকে প্রত্যাহার করা হলেই তিনি ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। তার মতে, দায়িত্ব পালনে কোনো ধরনের ঘাটতি থাকলে তা বিবেচনায় নিয়ে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে পরিস্থিতির উন্নয়নের চেষ্টা করা হয়।

গোপালগঞ্জে সহিংসতার প্রথম দিনের পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জাহেদ উর রহমান। তিনি বলেন, সেদিন পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে, তা সরকারের নেওয়া কৌশলের অংশ।

তার দাবি, গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় সরকার সঠিক পদ্ধতিতে এগিয়েছে। এমনকি সরকারের সমালোচকেরাও পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে উল্লেখ করেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা