টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মির্জাপুর ক্যাডেট কলেজ ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে। কলেজের ৬০তম ব্যাচের ক্যাডেটরা এই পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৬০তম ব্যাচের মোট ৫১ জন ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫০ জন ক্যাডেট জিপিএ-৫ অর্জন করেছে, যা সাফল্যের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত মির্জাপুর ক্যাডেট কলেজ দেশকে দক্ষ ও নেতৃত্বদানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা ও সাফল্যের নতুন অধ্যায় রচনা করে চলেছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, এই সাফল্যের পেছনে রয়েছে ক্যাডেটদের অধ্যবসায়, কলেজ কর্তৃপক্ষের তদারকি, শিক্ষকবৃন্দের পরিশ্রম এবং অভিভাবকগণের সহযোগিতা। তিনি সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেন।