খুলনায় পুলিশ অজ্ঞাত এক যুবকের (২৮) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা আসিফ সড়কের মাথায় বিদ্যুতের খুঁটির নিচে থাকা একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বটিয়াঘাটা থানার ওসি মো. মারুফ হোসেন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং নিহত যুবকের আনুমানিক বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।
পুলিশের একটি সূত্র জানায়, তেঁতুলতলা এলাকা মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের আখড়া হিসেবে পরিচিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ নিহত যুবকের পরিচয় শনাক্তসহ বিস্তারিত জানার চেষ্টা করছে।